গাজীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে সহকারী নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসচালকের সহকারীর মৃত্যু হয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আল-আমীন জানান, উপজেলার নতুনবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে শনিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত হোসেন (৩৮) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খলকপাড়া গ্রামের নূরনবী আহম্মেদের ছেলে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আল-আমীন বলেন, ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি খালি বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় দারজায় চাপা খেয়ে বাসচালকের সহকারী সাখাওয়াত ঘটনাস্থলেই মারা যান।
পরে দরজা কেটে লাশ উদ্ধার করা হয় বলে তিনি জানান।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার পর বাস রেখে চালক পালিয়ে গেছে।
