সাইবার অপরাধ মোকাবিলা করা দরকার: ইনু
গণমাধ্যমের পবিত্রতা রক্ষায় সাইবার অপরাধ মোকাবিলা করা দরকার বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে জাসদ সভাপতি সাংবাদিকদের বলেন, সাংবাদিকদের স্বাধীনতা সুরক্ষার জন্য ৫৭ ধারা পর্যালোচনা প্রক্রিয়ায় তিনিও রয়েছেন।
“সুতরা আমি সাংবাদিক ভাইবোনদের বলব এই আইনের যদি কোনো সংশোধনী বা কোনো সমস্যা থাকে সেটা সরাসারি আমাদের বলতে পারেন, আইন মন্ত্রীকে বলতে পারেন, স্বরাষ্ট্র মন্ত্রীকে বলতে পারেন।
“ইতিমধ্যে যারা আইনটা বাতিলের কথা বলছেন তাদের মনে রাখতে হবে সাংবাদিকতা এবং গণমাধ্যমের পবিত্রতা রক্ষা করার জন্যে সাইবার অপরাধটা মোকাবিলা করা দরকার।”
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার অপপ্রয়োগে গণমাধ্যমকর্মীদের হয়রানির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শেখ হসিনার সরকার ২০০৯ সালে যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তার আগের সরকারের করা আইনে ৫৭ ধারাটা আছে। এটা শেখ হাসিনা সরকার প্রদত্ত কোনো আইন না।
“এই আইন সাইবার অপরাধ দমনের জন্য; যেকোনো নাগরিক সাইবার অপরাধের সঙ্গে যুক্ত হলে তাদের দমন করার জন্য এই আইনটা করা হয়েছে।
“সেই হিসেবে অনেক সাংবাদিক এখানে জড়িয়ে পড়েছেন এবং সেটা বিব্রতকর, সেই হিসেবে তথ্য মন্ত্রণালয়ের একটা দায়িত্ব আছে যে সাংবাদিকরা হয়রাননির শিকার হচ্ছেন কিনা, মত প্রকাশে কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেই হিসেবে তথ্য মন্ত্রণালয় সব সময়ই ৫৭ ধারায় কেউ গ্রেপ্তার হলে আমরা সাথে সাথে খোঁজ খবর নিই এবং এর প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করি।”
সকাল ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আইসিটি আইনের ৫৭ ধারা নিয়ে কথা বলেন।
কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হানও উপস্থিত ছিলেন।
