মিয়ানমার ফেরতদের স্বজনের কাছে হস্তান্তর
অবৈধভাবে মিয়ানমার গিয়ে আটক হয়ে সাজাভোগ শেষে ফিরে আসা এক রোহিঙ্গা ও ১৮ বাংলাদেশি নাগরিকের মধ্যে একজন ছাড়া বাকিদেরকে স্বজনের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
একজনের কোনো স্বজন না আসায় তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
শুক্রবার দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন।
এসপি বলেন, ফেরত আনাদের মধ্যে ১৮ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হলেও অপরজনের স্বজনরা না আসায় তাকে কক্সবাজার সদর থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
তিনি জানান, মিয়ানমারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে এক রোহিঙ্গা নাগরিকসহ ১৯ জনকে বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে ফেরত আনা হয়।
এদের মধ্যে এক জন টেকনাফের নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের এবং অন্যরা এদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। পরে এদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হয়।
পুলিশ সুপার ইকবাল আরও জানান, সেখানে পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ এবং তথ্য সংগ্রহ করেন। এতে মানবপাচারের ঘটনায় জড়িত দালালের নাম ও পরিচয় পাওয়া যায়।
“এসব দালালের বিরুদ্ধে পাচারের শিকার ব্যক্তিদের স্ব-স্ব থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
