গোপালগঞ্জে পুলিশের গুলিতে ‘ডাকাত’ আহত
গোপালগঞ্জ সদর উপজেলায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় গুলিতে আহত এক ‘ডাকাতকে’ গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
রোববার ভোরের দিকে উপজেলার মান্দারতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ওসি মো. সেলিম রেজা।
গুলিবিদ্ধ মো. শওকত মুন্সি (৩৫) উপজেলার গোবরা গ্রামের মো. ফরহাদ মুন্সির ছেলে। তাকে পুলিশ পাহারায় গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় সড়ক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন খবর পেয়ে টহল পুলিশ সেখানে যায়। পুলিশ দেখে ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে।
“এ সময় পুলিশ গুলি চালালে শওকত হোসেনের ডান পায়ে গুলিবিদ্ধ হলে তাকে রেখে অন্যরা পালিয়ে যায়।”
পুলিশ ঘটনাস্থল থেকে রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বলে জানান তিনি।
এ ব্যাপারে মামলা হয়েছে।
