২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাই, আহত ৪ পুলিশ

ময়মনসিংহের নান্দাইলে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ মাদক মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্বজন ও স্থানীয়রা।

ইলিয়াস আহমেদ

ময়মনসিংহ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 08:36 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

বৃহস্পতিবার বিকালে এ ঘটনায় পুলিশের এসআইসহ চার সদস্য আহত হয় বলে নান্দাইল থানার ওসি আতাউর রহমান জানিয়েছেন।

এদিকে, ওই আসামির কয়েকজন স্বজন পুলিশের বিরুদ্ধে তাদের মারধরের অভিযোগ করেছেন।

ওসি আতাউর জানান, গোপন সংবাদ পেয়ে এসআই আলিমুজ্জামানের নেতৃত্বে নান্দাইল মডেল থানা পুলিশ দুপুরে নান্দাইল পৌর এলাকার চারআনী পাড়া গ্রামে আবুবক্কর সিদ্দিকের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে আবুবক্করের ছেলে ‘মাদক ব্যবসায়ী’ মামদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি শাহাব উদ্দিন ফকিরকে (২৫) গ্রেপ্তার করে হাতকড়া পরায়।

ওসি বলেন, ওই সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করে এবং দেশি অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ শাহাব উদ্দিনকে ছিনিয়ে নেয়।

“ওই সময় শতাধিক লোক পুলিশের উপর হামলা করলে এসআই আলিমুজ্জামান, পুলিশ কন্সটেবল রুহুল আমিন, মঞ্জুরুল হক ও সুমন মিয়া আহত হন।”

এদের মধ্যে আলিমুজ্জামানের হাতে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। তাদেরকে নান্দাইল উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে ওসি আতাউর জানান।

ওসি আরও জানান, পরে অভিযান চালিয়ে শাহাব উদ্দিনের বাবা আবু বক্কর সিদ্দিক, শাহাব উদ্দিনের স্ত্রী রহিমা আক্তার আঁখি, ‘ইয়াবা ব্যবসায়ী’ আবু ইউসুফকে পুলিশ আটক করেছে। করে। বিপুল পরিমাণ ইয়াবা ও মদের বোতলও উদ্ধার করা হয়।  

পুলিশের উপর হামলা এবং গ্রেপ্তারকৃত আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ মামলা করেছে বলে জানান ওসি।

শাহাব উদ্দিনের তিন বোন নাজমা, আছমা, শিরিনা অভিযোগ করেন, পুলিশের লাঠিপেটায় তারা আহত হয়েছেন। পুলিশ তাদের ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করেছে।