আড়াইহাজারে সাবেক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাড়ি থেকে সোনালী ব্যাংকের সাবেক এক সহকারী মহাব্যবস্থাপকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আড়াইহাজার উপজেলা সহকারী প্রকৌশলী (এস ও) ইব্রাহিম খলিলের সরকারি বাসায় শনিবার রাতে কামরুল ইসলামের (৬৮) লাশ পাওয়া যায়।
হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা চিকিৎসকের।
উপজেলা সহকারী প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, মৃত কামরুল ইসলাম তার দূর সম্পর্কের মামা শ্বশুর হন। তিনি প্রায়ই এখানে বেড়াতে আসতেন।
তিনি বলেন, শনিবার সকাল ১০টার দিকে বেড়াতে আসেন কামরুল। তিনি তাকে বাসায় রেখে কাজে বাইরে চলে যান। সন্ধ্যায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী এহসানুল হককে জানান। পরবর্তীতে তারা থানা পুলিশকে জানান।
“রাত ৮টার দিকে আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন এসে বাসার দরজা ভাঙ্গেন। সেখানে তার রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে ছিল। মৃতের কপালের ডান দিকে রক্তাক্ত আঘাতের আলামত রয়েছে।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে’ কামরুল ইসলামের মৃত্যু হয়েছে এবং পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে থাকতে পারেন।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, মৃতের আত্মীয়রা ঘটনার বিষয়ে কারো বিরুদ্ধে অভিযোগ নাই মর্মে লিখিত দিয়ে রাতেই লাশ নিয়ে গেছেন। খবর পেয়ে ঢাকার বাসা থেকে তার মেয়ে, জামাতা এবং এক ভাই এসে লাশ নিয়ে যান।
কামরুল ইসলামের বাড়ি সাতক্ষীরা বলে জানান ওসি।
