১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে জাপা নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে শ্রমিক আহত

রংপুর নগরীতে জাতীয় পার্টির স্থানীয় এক নেতার পুরনো বাড়ি ভাঙার সময় হাতবোমা বিস্ফোরণে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 03:24 PM

Updated : 20 Aug 2022, 02:15 PM

বুধবার দুপুরে সিওবাজার এলাকায় সেকেন্দার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। সেকেন্দার ১৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি।

আহত আমিনুল ইসলামকে (৩৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, বোমার আঘাতে আমিনুলের বাম হাত থেঁতলে গেছে। প্রচুল রক্তক্ষরণ হয়েছে। ক্ষতস্থানে ব্যান্ডেজ করা হয়েছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম জানান, সেকেন্দার আলীর বাড়িটি ভেঙে নতুন করে নির্মাণের জন্য সকালে কাজ করছিলেন শ্রমিকরা।

“এক পর্যায়ে একটি প্লাস্টিকের প্যাকেটে হাতুড়ির আঘাত করলে সেটি বিস্ফোরিত হয় এবং শ্রমিক আমিনুল আহত হন।”

আজিজুল বলেন, ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বয়াম উদ্ধার করা হয়েছে, যার ভেতরে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। 

‘দুর্বৃত্তরা’ নাশকতার জন্য বোমা ও বোমা তৈরির সরঞ্জাম মাটিচাপা দিয়ে রেখে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন পরিদর্শক আজিজুল।

রংপুর সেনানিবাসের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও তিনি জানান।