২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তে বাধা দেওয়ায় অধ্যক্ষকে অস্ত্র ঠেকিয়ে হুমকি

নোয়াখালীর সোনাইমুড়িতে ছাত্রীদের উত্ত্যক্তে বাধা দেওয়ায় কলেজ অধ্যক্ষের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ছাত্র ও তার সহযোগীদের বিরুদ্ধে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 07:53 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

বুধবার উপজেলার জয়াগ মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে সোনাইমুড়ি থানার ওসি ইসমাঈল মিঞা জানান।

এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-চাটখিল সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।

অধ্যক্ষ আইয়ুব আলী বলেন, “দ্বাদশ শ্রেণির ব্যবসায় বিভাগের ছাত্র এমদাদুল হক সুকর্ণ অ্যাসেম্বলিতে অংশ না নিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। এ সময় তাকে ধমক দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেই।

“কিছুক্ষণ পর সে জয়াগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার ও যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন ও আরও চার জনকে সঙ্গে নিয়ে আমার কক্ষে আসে।

“এক পর্যায়ে শাকিল ও তুষার আমার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যার চেষ্টা করে।”

এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীরা এগিয়ে এলে তারা চলে যায় বলে জানান তিনি।

ওসি ইসমাঈল বলেন, এ ঘটনায় কলেজ অধ্যক্ষ বাদী হয়ে মামলা করছেন। মামলার পর আসামিদের আইনের আওতায় আনা হবে।