কেরানীগঞ্জে খালে অজ্ঞাত নারীর গলিত লাশ
ঢাকার কেরানীগঞ্জে একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই বাদশা জানান, রোববার বিকালে উপজেলার ঘাটারচর টানপাড়া এলাকায় আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর লাশ পাওয়া যায়।
“তার পরনে লাল রঙের ব্লাউজ, পেটিকোট ও প্রিন্টের শাড়ি ছিল।”
এসআই বলেন, স্থানীয়রা লাশটি ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
লাশটি গলে যাওয়ায় শরীরের কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা তা শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে বলে জানান তিনি।
