কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় ভ্যানচালক নিহত
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় একটি কভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন; আহত হয়েছেন তার সহকারী।
রোববার দুপুরে ধোপাচালা রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনায় ভ্যানটির সামনের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
নিহত আব্দুল কাদের (৪৫) কালিয়াকৈরের ভান্নারা এলাকার নুরুল ইসলাম স্পিনিং মিলের কভার্ডভ্যান চালক।
আহত চালকসহকারী সাজেদুল ইসলামকে (৩৫) টাঙ্গাইলের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নুরুল ইসলাম স্পিনিং মিলের অঙ্গ প্রতিষ্ঠান সফিপুরের করতোয়া স্পিনিং মিলের ব্যবস্থাপক অশোক বাবু জানান, সিরাজগঞ্জে তাদের একটি কারখানায় সুতা নামিয়ে দিয়ে কভার্ডভ্যানটি কালিয়াকৈরের ভান্নারায় নুরুল ইসলাম স্পিনিং মিলে যাচ্ছিল।
“পথে ধোপাচালা রেলক্রসিং পার হওয়ার সময় বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় কভার্ডভ্যানটিন সামনের অংশ বিচ্ছিন্ন হয়ে রেল লাইনের পাশে ছিটকে পড়ে।”
কভার্ডভ্যানের চালক আব্দুল কাদের ঘটনাস্থলেই নিহত হন বলে জানান অশোক।
তিনি জানান, পুলিশ ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয় মৌচাক ইউপি সদস্য মো. তমিজ উদ্দিন বলেন, ধোপাচালা রেল ক্রসিংটি অত্যন্ত অরক্ষিত। এখানে কোনো গেট বেড়িয়ার ও গেটম্যান নাই। প্রতিদিন ঝুঁকি নিয়ে শত শত যানবাহন চলাচল করছে এ পথে।
