আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যায় যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার এক চালক হত্যাকাণ্ডের ১৯ দিন পর ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জামিরুল ইসলাম হাবু (২৮) উপজেলার কল্যান্দী এলাকার নজরুল হক মোল্লার ছেলে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই মজিবুর রহমান জানান, রোববার দুপুরে উপজেলার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই করা অটোরিকশা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গত ৪ অক্টোবর উপজেলার কল্যান্দী এলাকার ব্যাটারি চালিত অটোরিকশা চালক সিদ্দিকুর রহমানকে হত্যা করে ওই অটোরিকশা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে জানায় পুলিশ।
এ ঘটনার পর সিদ্দিকুরের মা জমিলা বেগম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এসআই মজিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার তদন্তে নেমে হাবুকে শনাক্ত করার পর রোববার তিনি কল্যান্দী এলাকায় অবস্থান করছেন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, চালক সিদ্দিককে হত্যার পর ছিনিয়ে নেওয়া অটোরিকশা ও মুঠোফোন উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের এই সদস্য জানান জানান, গত ৪ অক্টোবর কল্যান্দী এলাকার অটোরিকশা চালক সিদ্দিককে ভাড়া করে নরসিংদীর বিবির কান্দি এলাকায় একটি পার্কে ঘুরতে যায় হাবু। পরে বিকালে ঘোরা শেষে তাকে নিয়ে আড়াইহাজারে ফেরত আসে।
এরপর হাবু ফের সন্ধ্যায় মুঠোফোনে ওই অটোরিকশা ডেকে এনে চালক সিদ্দিককে নিয়ে এক সহযোগীসহ পূজা দেখতে বের হয়। পূজা দেখা শেষে রাতে অটোরিকশাসহ চালক সিদ্দিককে নিয়ে কল্যান্দী এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়।
সেখানে হাবু ও তার সহযোগী গলায় গামছা পেঁচিয়ে সিদ্দিককে শ্বাসরোধে হত্যা করে। পরে ব্যাটারি চালিত অটোরিকশা ও সিদ্দিকের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহমুদুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হাবু হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ঘটনার বর্ণনাও দিয়েছে। ঘটনায় জড়িত হাবুর সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
