সিলেটে কলেজছাত্রীকে জখমের ঘটনায় মামলা
সিলেটে কলেজছাত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর চাচা আব্দুল কুদ্দুস মামলাটি দায়ের করেন বলে শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সি জানান ।
সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজাকে সোমবার বিকালে এমসি কলেজ ক্যাম্পাসে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
খাদিজা বেগম নার্গিসের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ করে সিলেট মহিলা কলেজের শিক্ষার্থীরা।
ওসি শাহজালাল বলেন, “মামলায় বদরুলকে একমাত্র আসামি করা হয়েছে। ঘটনার পর স্থানীয়দের মারধরে বদরুল কিছুটা আহত হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
চিকিৎসা শেষে তাকে আদালতে তোলা হবে বলে জানান তিনি।
এদিকে অবস্থার অবনতি হওয়ায় খাদিজাকে রাতেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
বদরুলের শাস্তির দাবিতে মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও এমসি কলেজে মানববন্ধন করেছে তার সহপাঠীরা।
