২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গার রাস্তায় ডাকাতি, গরু ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ডাকাতের হামলায় এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আরও ছয়জন আহত ও ‘১৫ লাখ টাকা লুট’ হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2016, 10:32 AM

Updated : 20 Aug 2022, 01:43 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মধুখালি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আলমডাঙ্গা থানার ওসি মো. আকরাম হোসেন।

নিহত ভুলু হোসেন (২৭) উপজেলার নতিডাঙ্গা গ্রামের রবিউল আলমের ছেলে।

ভুক্তভোগী গরু ব্যবসায়ীদের বরাত দিয়ে ওসি বলেন, ১৬-১৭ জন গরু ব্যবসায়ী জীবননগর উপজেলার শিয়ালমারি হাটে গরু বেচে ইঞ্জিনচালিত ভ্যানে নতিডাঙ্গায় ফিরছিলেন।

“ভ্যানটা মধুখালি মাঠ এলাকায় পৌঁছালে ২৫-৩০ জনের সশস্ত্র ডাকাত তাদের ওপর হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে সাতজন আহত হয়। সবাইকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর ভুলুর মৃত্যু হয়।”

আহত জিয়াউর রহমান, হারেজ আলী, হানিফ মণ্ডল, বাবুল হোসেন, মোহাম্মদ সম্রাট ও মিলকিস হোসেনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, ডাকাতরা গরু ব্যবসায়ীদের কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন গরু ব্যবসায়ীরা।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে ডাকাত ধরতে অভিযান শুরু করেছে বলে জানান ওসি আকরাম।