বেড়াতে নিয়ে তরুণীকে ধর্ষণ, কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৬
বাগেরহাটের রামপালে ঈদের দিনে ঘুরতে যাওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে কথিত প্রেমিক ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে।
ধর্ষণে জড়িত অভিযোগে বুধবার ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রামপাল থানার ওসি বেলায়েত হোসেন।
তিনি বলেন, দুপুরে ওই তরুণী ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের ওড়াবুনিয়া গ্রামের জিল্লু সরদারের ছেলে মুক্ত সরদার (২৩), একই গ্রামের জাহিদ শেখের ছেলে হাসান শেখ (২৫), ইসরাফিল শেখের ছেলে শেখ বেলায়েত হোসেন (২৬), রামপাল সদরের ইব্রাহিম শেখের ছেলে ইসমাইল শেখ (২৫), শাহজাহান শেখের ছেলে রাজু শেখ (২৫) ও মাছের ঘের মালিক আব্দুল হামিদ (৫৮)।
ওসি বলেন, মেয়েটিকে তারা ধর্ষণ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম ডাবলু বলেন, উপজেলার পেড়িখালি গ্রামের ২৫ বছর বয়সী মেয়েরটির সঙ্গে মুক্ত সরদারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে মঙ্গলবার বিকালে মেয়েটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে আনে মুক্ত।
“মেয়েটি এলে তাকে নিয়ে ওড়াবুনিয়া গ্রামের ফাঁকা মাঠে আব্দুল হামিদের মাছের ঘেরে যায়। সেখানে আগে থেকে বসে থাকা ছয়জনে মিলে রাতভর মেয়েটিকে ধর্ষণ করে।
“এদের মধ্যে ইসমাইলের বাবা মাছের ঘেরের বাসায় মেয়েটিকে ধর্ষণ করার খবর জানতে পেরে রাত ২টার দিকে আমাকে খবর দেয়।”
তিনি বলেন, “তার কাছ থেকে খরব পেয়ে সকালে ওই ছয়জনকে ডেকে পাঠাই। তারা আমার কাছে এসে মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করলে তাদের পুলিশের হাতে তুলে দেই।”
