তানোরে স্কুল থেকে চুরি ল্যাপটপ উদ্ধার, ১০ ছাত্র আটক
প্রায় দেড় মাস আগে রাজশাহীর তানোর উপজেলার একটি বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৬টি ল্যাপটপ উদ্ধারসহ ১০ ছাত্রকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার নারায়ণপুর উচ্চবিদ্যালয়ের ল্যাব থেকে চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার ও ছাত্রদের আটক হয় বলে জানান তানোর থানার ওসি মির্জা আব্দুস সালাম।
তিনি বলেন, গত ২৬ জুলাই বিদ্যালয়ের ল্যাব থেকে ল্যাপটপগুলো চুরি হয়। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রকে আটক করলে সে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
“তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে অন্যদের আটক ও চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়।”
ওসি বলেন, দশম শ্রেণির ওই ছাত্র ল্যাপটপ চুরির পরিকল্পনা করার পর ল্যাবের তালার চাবির ছাপ নিয়ে তানোর উপজেলা শহরের চাবি-মেকার ময়নাকে দিয়ে চাবি তৈরি করায়। পরে সে রাজশাহী নগরীর মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার এক ছাত্রকে সঙ্গে নেয়।
“পরে তারা তানোর কলেজের ছাত্র রায়হান কবির (২০) ও মিনহাজুল আবেদীন পলাশকে (২১) সঙ্গে নেয়। চারজন মিলে গত ২৬ জুলাই রাতে ল্যাবের তালা খুলে ১৬টি ল্যাপটপ চুরি করে। বিদ্যালয়ের নৈশপ্রহরী থাকলেও অন্য ঘরে ঘুমিয়ে ছিলেন।”
ওসি বলেন, চুরির পরদিন তারা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বড়বাড়ী মহাজনপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে আতিকুর রহমান শাওনের কাছে এসব ল্যাপটপ ৪৪ হাজার টাকায় বেচে দেয়। শাওন তার বন্ধু ইব্রাহিম, রুমন, রাজু ও মমিনসহ কয়েকজনের কাছে ৮ হাজার টাকা করে বেচে দেয়।”
আটক সাতজন হচ্ছেন - তানোর উপজেলার বিলশহর গ্রামের দেলজান আলীর ছেলে ও তানোর কলেজের ছাত্র রায়হান কবির (২০), আক্কাস আলীর ছেলে মিনহাজুল আবেদীন পলাশ (২১), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গ্রামের বড়াই কলেজের একাদশ শ্রেণির ছাত্র মুমিন (২০), একই গ্রামের একই কলেজের ছাত্র রাজু আলী (২১), দৌলতপুর গ্রামের শিবগঞ্জ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রুমন (২৩), একই গ্রামের কলেজ পড়ুয়া ইব্রাহিম (২১), বালিয়াদিঘি গ্রামের বাসিন্দা ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোশারফ হোসেন (২১)।
অন্য তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হয়নি।
এর আগে এ ঘটনায় স্কুলের নৈশ প্রহরী জাহাঙ্গীর আলম ও পিয়ন রফিকুলকে আটক করা হয়। তারা এখনও কারাগারে রয়েছেন।
গত ১২ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে তানোর উপজেলার দুটি স্কুলও রয়েছে। এরই একটি নারায়ণপুর উচ্চবিদ্যালয়।
