১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় সরিষাবাড়ি রুটেও ট্রেন বন্ধ

রেল লাইনে পানি ওঠায় জামালপুরের সঙ্গে সরিষাবাড়ি রুটেও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2016, 10:29 PM

Updated : 12 Apr 2022, 02:33 AM

জামালপুর জংশন রেল স্টেশনের মাস্টার জহুরুল ইসলাম বলেন, জামালপুরের কেন্দুয়া পণ্ডিতপাড়ায় রেল লাইনের উপর দিয়ে বন্যার পানি উঠেছে।

একদিন আগে বন্ধ হয়েছে জামারপুর-দেওয়ানগঞ্জ ট্রেন।

জহুরুল ইসলাম বলেন, “রেল লাইন ডুবে ঝুঁকিপূর্ণ হওয়ায় শনিবার রাত ৯টা থেকে জামালপুর-সরিষাবাড়ি রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।”

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।

মেলান্দহের দুরমুক এবং ইসলামপুর উপজেলার ইসলামপুরে রেল লাইনে পানি ওঠার পর শুক্রবার রাতে জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

উজানের ঢল ও প্রবল বর্ষণের ফলে কয়েকদিনে জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও বগুড়াসহ উত্তরের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে।