২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সমুদ্রে নারী পর্যটকের মৃত্যু

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরেক নারী।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2016, 08:40 PM

Updated : 20 Aug 2022, 01:19 PM

শনিবার বিকালে সৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এএসপি মো. রায়হান কাজেমী।

মৃত নুসরাত জাহান আসমা (৪৫) ঢাকার রামপুরা এলাকার মো. শওকত করিমের স্ত্রী।

অসুস্থ নাশিদা আক্তারকে (৩২) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলাতলী এলাকার হোটেল সী-ক্রাউন এর ম্যানেজার আল আমিন সাজ্জাদের বরাত দিয়ে এএসপি রায়হান কাজেমী বলেন, শুক্রবার সকালে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসা ২১ জনের একটি দল হোটেলে সী-ক্রাউনে ওঠেন।

“শনিবার বিকালে তাদের মধ্যে ১০ জনের একটি দল হোটেলের সামনের সৈকতে গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে দুই নারী ঢেউয়ের টানে ভেসে যান।”

এএসপি রায়হান জানান, এ সময় সঙ্গীদের চিৎকারে ঘটনাস্থলের অদূরে সমুদ্রে চলাচলরত স্পিডবোট চালকরা তাদের উদ্ধার করেন। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নুসরাত জাহান আসমাকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। আরেকজন চিকিৎসাধীন আছেন।