রৌমারীকে দুর্যোগপূর্ণ ঘোষণা করা হয়নি: ইউএনও
রৌমারী উপজেলাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণার বিষয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন বলে দাবি প্রশাসনের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালুকদার শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্যায় মানুষের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে সত্য। তবে এখনও দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।
“কয়েকটি মিডিয়ায় রৌমারীকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে মর্মে যে রিপোর্ট প্রকাশ করা হচ্ছে তা পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর। প্রকৃত পক্ষে প্রশাসনের পক্ষ থেকে এরকম কোনো ঘোষণা দেওয়া হয়নি।”
তিনি বলেন, এ উপজেলার ছয় ইউনিয়নে এখন পর্যন্ত ৭৮ টন চাল, দুই লাখ টাকা এবং ৫০ হাজার টাকার শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
জেলা বন্যা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, রৌমারী সীমান্ত এলাকায় পাহাড়ি ঢলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। গয়টাপাড়া ও মোল্লারচর বিজিবি ক্যাম্পের ভিতরে পানি ঢুকেছে। ইজলামারী, খেওয়ারচর ও বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের চারপাশে পানি।
“ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুই উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে।”
রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, তিন ইউনিয়নে ৫৫ টন চাল ও ৫০ হাজার টাকার শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
