২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে চার নারী ‘জঙ্গির’ বিরুদ্ধে ২ মামলা

সিরাজগঞ্জে আটক সন্দেহভাজন চার নারী জেএমবি সদস্যের বিরুদ্ধে দুইটি মামলা করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2016, 12:21 PM

Updated : 20 Aug 2022, 01:17 PM

রোববার দুপুরে সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই রওশন আলী বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দুটি দায়ের করেন।

আসামিরা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী নাদিয়া তাবাসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুরের ক্ষুদ্র ফুলকট গ্রামের খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার মিশু (২২), পরানবাড়িয়া গ্রামের মামরুল ইসলাম সরদারের স্ত্রী রুমানা আক্তার রুমা (২১) ও গাইবান্দার গোবিন্দগঞ্জের পোচাদহ গ্রামের সুজন আহম্মেদ বিজয়ের স্ত্রী রুনা খাতুন (১৯)।

এসআই রওশন আলী বলেন, বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে রোববার দুপুরে মামলা দুটি দায়েরের পর আটক চার নারী জেএমবি সদস্যেকে সিরাজগঞ্জের অতিরিক্ত বিচারিক হাকিম মোর্শেদ আলমের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

রওশন বলেন, চার নারীর সঙ্গে তাদের দেড় থেকে তিন বছর বয়সী চারটি শিশুকেও আদালত কারাগারে মায়েদের সঙ্গে রাখতে বলেছে।

“ডিবির এসআই আবু সাঈদ মামলা দুইটি তদন্ত করবেন।”

আটকদের পুলিশ হেফাজতে (রিমান্ড) এনে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চলছে বলে জানান রওশন।    

রোববার ভোররাতে সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মহল্লার উত্তরপাড়ায় হুকুম আলীর ভাড়া বাড়ি থেকে এ চার নারীকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ছয়টি হাতবোমা, গ্রেনেডের চারটি খোল, নয়টি জিহাদি বই, ডেটোনেটর, সুইচ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুরনো খবর:

বোমাসহ সন্দেহভাজন ৪ নারী জঙ্গি আটক