২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেবায়েত হত্যা: গ্রেপ্তার আরও একজন রিমান্ডে

পাবনায় ঠাকুর অনুকূলচন্দ্র সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 07:31 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

রোববার দুপুরে পাবনা আমলী আদালত-১ এর বিচারক নাজিমুদ্দিন জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে পাঠান।

এর আগে শনিবার রাতে পাবনা সদরের দাপুনিয়া ইউনিয়নের কিসমত প্রতাপপুর গ্রাম থেকে মো. হারুন খাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানান পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ সেলিম।

তিনি বলেন, গ্রেপ্তারের পর রোববার দুপুরে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে পাঁচ দিনই মঞ্জুর করেন বিচারক।

এ নিয়ে সেবায়েত হত্যায় এক শিবির নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ।

গত ১০ জুন ভোরে পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় আশ্রমের সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।   

এ হত্যায় জড়িত সন্দেহে গত ১২ জুন হেমায়েতপুর থেকে আবুল হাশেমকে এবং ১১ জুন শিবির নেতা আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে গত শনিবার হাশেমকে এবং মঙ্গলবার আরিফুলকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন করে রিমান্ডে নেয় পুলিশ।