ইমরান সরকারের ভাই হত্যামামলায় গ্রেপ্তার ৫
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের চাচাত ভাই হত্যাকাণ্ডে সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম পুলিশ।
ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শনিবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে বলে রৌমারী থানার এসআই মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আবুল কাশেম (৫৫), আনোয়ার হোসেন (৩০), মাইদুল ইসলাম (২৫), জাইদুল ইসলাম (২৩) ও আব্দুল মান্নান (৩৫)।
এদের মধ্যে আনোয়ার, রিপন ও জাইদুল গ্রেপ্তার কাশেমের ছেলে। মান্নান তাদের প্রতিবেশী।
পারিবারিক কোনো বিরোধ থেকে দাতাউরকে হত্যা করা হয়েছিল বলে পুলিশের ধারণা।
দাতাউরকে হত্যার পর লাশ রাজিবপুর উপজেলার সীমান্তবর্তী ব্যাপারী পাড়ার জিঞ্জিরাম নদীর উপর বাঁশ ঝাড়ে ঝুলিয়ে রাখা হয়েছিল।
হত্যাকাণ্ডের পর দাতাউরের বাবা আব্দুস সালাম থানায় একটি মামলা করেন। ওই মামলার তদন্তে এসআই মশিউরের নেতৃত্বে একদল পুলিশ রৌমারীর চর লাঠিয়ালডাঙ্গা গ্রামে অভিযানে যায়।
রৌমারী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “গ্রেপ্তার পাঁচজন প্রকৃত খুনি কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
