সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদবাজির অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক।
গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদী সদরের গোড়াদিয়া গ্রামের ইউসুফ আলী, ভেলানগর এলাকার মজিবুর রহমান প্রধান ও নরসিংদীর মনোহরদী উপজেলার শহীদপুর গ্রামের মো. হারুন-অর-রশিদ।
ইউসুফ সাপ্তাহিক দুর্নীতি কণ্ঠের নরসিংদী জেলা প্রতিনিধি, মজিবুর অনলাইন নিউজ পোর্টাল ওয়ার্ল্ড ক্রাইম নিউজের সাব-এডিটর ও হারুন স্টাফ রিপোর্টার হিসেবে নিজেদের পরিচয় দিলেও কোনো প্রমাণ দেখাতে পারেননি বলে জানান কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ।
এসআই নাজমুল বলেন হক জানান, বুধবার সন্ধ্যায় ওই তিনজন সাংবাদিক পরিচয় দিয়ে কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র দেখতে চায়। পরে তারা বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে লাইসেন্স থাকার পরও তা ঠিক নেই বলে টাকা দাবি করে।
“এ সময় সেখানে কতর্ব্যরতদের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে দেয়।”
এ বিষয়ে রাতেই বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক বাবলু কাজী বাদী হয়ে কালীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন।
