রংপুরে ‘ভাইয়ের হাতে’ ভাই খুন
রংপুরের বদরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
মঙ্গলবার রামনাথপুর ইউনিয়নের শেখপাড়ায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন মুকুল মিয়া (২৮)। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই মতিনসহ তার পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের পরিবারের বরাত দিয়ে বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডককমকে জানান, মুকুল মিয়ার সঙ্গে তার বড় ভাই মতিন মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল।
“এর জেরে সকাল ১০টার দিকে মতিন বাড়ির উঠানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মুকুল মিয়াকে গুরুতর জখম করেন।”
স্থানীয়রা মুকুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২টায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মুকুলের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি মোস্তাফিজুর জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী নীলুফা বেগম থানায় মতিন (৫০), তার স্ত্রী খাদিজা বেগম (৪৫), তাদের দুই ছেলে নাজমুল ইসলাম (২৫) ও মোকাররমকে (২০) আসামি করে মামলা করেছেন। পরে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
