১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 05:52 PM

Updated : 12 Apr 2022, 02:06 AM

সোমবার বিকালে উপজেলার সারিয়ালজোত সীমান্তে এ ঘটনা ঘটে বলে তেঁতুলিয়া বিজিবির কোম্পানি কমান্ডার দিদার আহমেদ জানান।

নিহত মো. সুজনের (২৩) বাড়ি সীমান্তবর্তী প্রেমচরণজোত গ্রামে।

কোম্পানি কমান্ডার দিদার আহমেদ বলেন, মেইন পিলার ৪৩৮ নম্বরের ৩ নম্বর সাব পিলার সংলগ্ন এলাকার বিপরীতে ভারতের লিচুগছ সীমান্ত। সেখানে ১০৯ বিএসএফ ব্যাটালিয়ন দায়িত্বে রয়েছে।

বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

সুজনের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, বিকালে বাড়ির পার্শ্ববর্তী গোবরা নদী সংলগ্ন এলাকায় সুজন ঘাস কাটতে যায়। এ সময় বাড়ি থেকে আমরা হঠাৎ গুলির শব্দ শুনতে পাই।

“গিয়ে দেখি সুজন মাটিতে পড়ে আছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা. নাসির উদ্দিন বলেন, সুজনের পিঠের ওপরের দিকে ডান পাশে গুলি ঢুকে বের হয়ে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।