টঙ্গীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
‘ভাত রান্না করতে দেরি হওয়ায়’ গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে।
নিহত ঝর্ণা আক্তার (২৪) শেরপুর সদরের মোচারের চর এলাকার আইন উদ্দিনের মেয়ে। তার স্বামী সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা নয়ন মিয়া (৩০) টঙ্গীর সাতাইশ এলাকায় দর্জির কাজ করেন।
টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. মাহমুদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে টঙ্গীর সাতাইশ এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, “বৃহস্পতিবার রাতে ‘ভাত রান্নায় দেরি’ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় নয়নের। এক পর্যায়ে নয়নের মারধরে ঝর্ণা অসুস্থ হয়ে পড়েন।
“স্থানীয় গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে টঙ্গী সদর হাসপাতালে নেওয়ার পথে ঝর্ণার মৃত্যু হয়।”
ঘটনার পর স্থানীয়রা নয়নকে আটক করে পুলিশে দিয়েছে বলে উপ-পরিদর্শক মাহমুদ জানিয়েছেন।
নিহতের চাচাতো ভাই রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের পর থেকেই নয়ন তার বোনকে যৌতুকের জন্য মারধর করত।
“যৌতুকের টাকার জন্য ঝর্ণাকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে। ভাত রান্না করতে দেরি হওয়াটা অজুহাত মাত্র”, বলেন তিনি।
