‘নেশাদ্রব্য খাইয়ে দুই বোনকে ধর্ষণ’, গ্রেপ্তার ১
মুড়ি ও জুসের সাথে নেশাদ্রব্য খাইয়ে দুই বোনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গাজীপুরের এ ঘটনায় ওই দুই মেয়ের বাবা শনিবার কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন।
ধর্ষণে সহযোগিতার অপরাধে ছোট লতিফপুরের বাড়িওয়ালা শাজাহান মিয়ার স্ত্রী হোসনে আরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, গত বৃহস্পতিবার রাতে বাড়ির মালিকের স্ত্রী হোসনে আরা তার কথিত ভাগ্নে ফারুককে দিয়ে ওই দুই বোনকে নিজের ঘরে ডেকে আনেন।
“তাদের মুড়ি ও জুস খেতে দেয়। মুড়ি ও জুস খাওয়ার কিছুক্ষণ পর দুই বোন অচেতন হয়ে পড়েন। এ সময় ফারুক ওরফে পিচ্চি ফারুক ওই দুই বোনকে রাতভর ধর্ষণ করে।
“শুক্রবার ঘটনাটি জানাজানি হয়ে পড়লে তা ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেন হোসনে আরা।”
খবর পেয়ে ঘটনার শিকার মেয়ে দুটির বড়বোন শুক্রবার রাতে ‘তাদের উদ্ধার করে’ চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওসি বলেন, “ফারুকের সাথে হোসনে আরার অনৈতিক সম্পর্ক এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগও পাওয়া গেছে।”
এ ঘটনায় শনিবার সকালে ওই দুই বোনের বাবা কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ বাড়ির মালিকের স্ত্রী হোসনে আরাকে গ্রেপ্তার করেছে। ধর্ষক ফারুক পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।
