ফরিদপুরে নির্বাচনোত্তর সহিংসতায় বাড়িঘর ভাংচুর
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ৫০ নারী-পুরুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আগের রাত থেকে সোমবার সকালের মধ্যে এসব হামলায় আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
এসব ঘটনায় কোনো অভিযোগ না দেওয়ায় মামলা হয়নি উল্লেখ করে বোয়ালমারী থানার ওসি মো. মিজানুর রহমান জানান, শেখর ও গুনবহা ইউনিয়নের পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় পুলিশের টহল বাড়ানো হয়েছে।
এবারের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও শেখর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্লা বলেন, “নির্বাচনে ভোট দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে তেলজুড়ীতে স্থানীয় প্রভাবশালী মো. ওবায়দুর ও মো. সালাউদিনের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
“সংঘর্ষে পাঁচ নারীসহ অন্তত ৩০জন আহত হয়ে। তাদের মধ্যে ২২জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
এরা হলেন সুর্য শেখ (৪৩), মো. বাদশা (৪০) ও নুর মোহাম্মদ (৩৫)।
নৌকা সমর্থকদের হিন্দু বাড়িতে হামলা
ইস্রাফিল মোল্লা জানান, এর আগে রোববার রাতে শেখর ইউনিয়নের রামনগাতি এলাকায় এক হিন্দু পরিবারের উপর হামলা চালিয়ে আটজনকে আহত ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাত করা হয়েছে।
তিনি দাবি করেন আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচনে পরাজিত হওয়ায় তার সমর্থকরা এই হামলা চালিয়েছে।
এ ঘটনায় আহতদের মধ্যে শুকুমার বিশ্বাস (৬৫), নিলা বিশ্বাস (৬৮) ও বিরাজ বিশ্বাসকে (৪২) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়া, গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামে নির্বাচনী সহিংসতায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
