পাঁচবিবিতে নির্বাচনী সহিংসতায় আহত ১৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নির্বাচনের প্রচার নিয়ে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছে।
বুধবার রাতে কুশুম্বা ইউনিয়নে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পাঁচবিবি থানার ওসি আশরাফুল আলম বলেন, আগামী শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন উপলক্ষে কুশুম্বা বোর্ড ঘর এলাকায় আওয়ামী লীগ ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর পক্ষে মাইকিং, মিছিলসহ প্রচার চলছিল।
“রাত ৮টার দিকে দুপক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে কথা-কাটিাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র ধাওয়া-পল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।”
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুপক্ষের ১০ জনকে আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, এতে উভয়পক্ষের অন্তত ১৪ জন কর্মী-সমর্থক আহত হন। তাদের পাঁচবিবি-মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
“এছাড়া বেশি জখম তিন জন ধুরইল গ্রামের আব্দুল কুদ্দুস, টিপু সুলতান ও ফকরুদ্দিনকে জয়পুরহাট হাসপাতালে স্থানান্তর করা হয়।”
এ তিন জন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মুক্তার হোসেন তার কর্মী বলে দাবি করছেন।
