রংপুরে শিশু ও কৃষক হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড
দুটি হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রংপুরের দুটি আদালত।
মঙ্গলবার বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের পৃথক আদালতে এ দুই মামলার রায় ঘোষণা করা হয়।
বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার কৃষক আব্দুর রহমান হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বলে জানান রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী (বিশেষ পিপি) রথীশ চন্দ্র ভৌমিক।
মত্যুদণ্ডপ্রাপ্ত হলেন মিজানুর রহমান (৩৫)। যাবজ্জীবন দণ্ডিতরা হলেন নুরুল হক, নুর ইসলাম, আতিয়ার রহমান, মোকসেদুল হক ও মনোয়ার হোসেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালের ১৯ নভেম্বর সকালে মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের কাশেমপুর বাতান গ্রামে জমির বিরোধে খুন হন কৃষক আব্দুর রহমান।
ওইদিনই নিহতের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ৪৩ জনের নামে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন, যাদের মধ্যে দণ্ডিতরাও রয়েছেন।
২০০১ সালের ২৫ মার্চ মিঠাপুকুর থানার ওই সময়ের ওসি গোলাম মোস্তফা ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৭ জনকে খালাস দেওয়া হয় বলে জানান বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক।
রায় ঘোষণার সময় সব আসামি আদালতে হাজির ছিলেন বলেও আইনজীবী রথিশ ভৌমিক জানান।
অপরদিকে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান শিশু মিলন বাবু হত্যার দায়ে তার সৎ পিতা হামিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৩ সালের ২৩ অক্টোবর রাতে রংপুরের বদরগঞ্জ উপজেলার জামুবাড়ি কুমারপাড়া গ্রামের হামিদুল হক তার দ্বিতীয় স্ত্রীর তিন বছরের ছেলে মিলন বাবুকে শ্বাসরোধ করে হত্যা করেন।
পরদিন নিহতের মা মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে হামিদুল ইসলামকে আসামি করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
প্রথম স্ত্রী থাকলেও পরে মিলন বাবুর মাকে বিয়ে করেন হামিদুল।
২০০৪ সালের ২০ মার্চ বদরগঞ্জ থানার তৎকালীন এসআই আব্দুস সবুর একমাত্র আসামি হামিদুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আখতারুজ্জামান পলাশ জানান, পুলিশ হামিদুলকে গ্রেপ্তার করলেও পরে জামিনে বের হয়ে পলাতক রয়েছেন।
তার অনুপস্থিতিতে আদালত মামলার রায় ঘোষণা করে বলে আখতারুজ্জামান জানান।
