২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেতাবগঞ্জ চিনিকলের তেল চুরি, বরখাস্ত ৩

দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলের   ‘প্রায় ১২ হাজার’ লিটার ডিজেলসহ প্রচুর পরিমাণ মবিল ও গ্রিজ চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 08:36 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

এই ঘটনায় ওই চিনিকলের স্টোর কিপারসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সেতাবগঞ্জ চিনিকলের (সেচিক) এক প্রশাসনিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন এই ঘটনায় স্টোর অফিসার ধীরেন চন্দ্র রায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে স্টোর কিপার আসাদুজ্জামান, পোর্টার মানিক চন্দ্র ধর ও মধু সুদন রায়।

তেল চুরির একটি অভিযোগের কথা স্বীকার করে মঙ্গলবার এ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।’

ঘটনা তদন্তে সেচিকের ডিজিএম (ফার্ম) আল ইমরানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

তদন্ত কমিটি সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ডিপোতে মজুদ ১২ হাজার লিটার ডিজেল ও কয়েক ড্রাম মবিল ও গ্রিজ কম রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে তদন্ত শেষে নির্দিষ্ট করা যাবে কী পরিমাণ তেল সরানো হয়েছে।