১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে বিরোধ, ৩ নারীকে ‘এসিডে ঝলসে দিল প্রতিপক্ষ’

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমি নিয়ে বিরোধে তিন নারীকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 01:42 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

শুক্রবার রাতে উপজেলার কুমড়ি পেরেংগিটিলা গ্রামে  এ ঘটনায় দগ্ধ তিন নারীকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী সাফিয়া খাতুন (৩৫), জিতু মিয়া স্ত্রী মনোয়ারা খাতুন (৩২) ও নজরুল ইসলামের স্ত্রী আমেনা খাতুন (৩০)।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মমিন উদ্দিন চৌধুরী জানান, দগ্ধ তিন নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা এসিড দগ্ধ। তবে পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

দগ্ধ আমেনা বেগম বলেন, একই গ্রামের সাদিকুর রহমানের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে আব্দুর রাজ্জাকের। এনিয়ে আদালতে মামলাও রয়েছে।

“এর জেরধরে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে সাদিকুর রহমান ও তার লোকজন আব্দুর রাজ্জাকের ঘরে প্রবেশ করে। পরে রাজ্জাককে না পেয়ে রাজ্জাকের বউসহ আমাদের এসিড নিক্ষেপ করে।”

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।

এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বলেন, ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।