১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

যে কেন্দ্রে একটি ভোটও পড়েনি নৌকায়

প্রথম দফা ইউপি নির্বাচনে পঞ্চগড়ের একটি কেন্দ্রে নৌকা প্রতীকে একটিও ভোট পড়েনি।

সাইফুল আলম বাবু

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 08:02 PM

Updated : 20 Aug 2022, 12:15 PM

তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নারায়ণগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। তবে ওই এলাকায় আওয়ামী লীগের বহু নেতাকর্মীর বাস।

৭ নং ওয়ার্ডে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কমিটি রয়েছে। এই কেন্দ্রের দুইজন পোলিং এজেন্ট ছিলেন আওয়ামী লীগের সমর্থক। এছাড়া ১৪ দলীয় জোটভুক্ত জাসদের ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল গণিও ওই কেন্দ্রের ভোটার।

ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা সুলায়মান।

রিটার্নিং কর্মকর্তা রোকাব আলী দেওয়ান জানান, এ কেন্দ্রে তারেক হোসেন চশমা প্রতীকে ৩৬৫ ভোট, কামরুজ্জামান কামু মোটরসাইকেল প্রতীকে ৭১ ভোট ও কলিম উদ্দিন ধানের শীষ প্রতীকে ৫৮ ভোট পান।

‘কিন্তু বাদশা সুলায়মানের নৌকা প্রতীকে একটিও ভোট পড়েনি।’

তবে ৯টি কেন্দ্রের ফলাফলে তারেক হোসেন ২ হাজার ৭৭৬ ভোটে জয়ী হন। কামরুজ্জামান কামু ২ হাজার ৭১০ ভোট, কলিম উদ্দিন ৭০৩ ভোট ও বাদশা সুলায়মান ৯৯ ভোট পেয়েছেন।

তারেক এলাকায় বিএনপির সমর্থক হিসেবে পরিচিত এবং এবার বিএনপির মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়ান।

আওয়ামী লীগ প্রার্থী বাদশা সুলায়মান বলেন, ‘বিএনপির বিদ্রোহী প্রার্থী তারেক হোসেনের টাকার কাছে সবাই বিক্রি হয়ে যান। টাকার জন্য সবাই নৌকার সঙ্গে বেঈমানি করেছেন।’

তবে টাকার মাধ্যমে ভোট কেনার কথা অস্বীকার করে তারেক হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি মানুষের বিপদে আপদে পাশে ছিলাম। এজন্য দলমত নির্বিশেষে ভোটাররা আমার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগটি সত্য নয়।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মন্ডল বলেন, ‘এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

দুঃখ প্রকাশ করে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকছেদ আলী বলেন, ‘আমি তারেক হোসেনকে ভোট দিতে প্রতিশ্রুতি দিয়েছিলাম। এজন্য নিজের ভোটটিও বাদশাকে দিতে পারিনি।’

বিনিময়ে তারেকের সমর্থকরা তাকে ভোট দেবে এমন একটি রফা তাদের মধ্যে হয়েছিল বলে জানান তিনি।

তার ধারণা দলের অন্য নেতাকর্মীরাও তারেককে ভোট দিয়েছেন।