২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পথচারীর `আতঙ্ক' বিশাল শিমুল কাণ্ড

গাজীপুর শহরের একটি বিশালাকার শিমুল গাছ মরে যাওয়ার কয়েকবছর পরও কাটা হয়নি।

আবুল হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 09:49 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

সম্প্রতি রাজধানীতে গাছ পড়ে চলচ্চিত্র পরিচালক ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠুর মৃত্যুর পর এই শিমুল গাছটিকে নিয়ে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল রোডের রথখোলা এলাকায় এ গাছটি উপড়ে কিংবা ভেঙ্গে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দা মো. আহসান কবির ভুঁইয়া কাকুল বলেন, শতবর্ষী ওই শিমুল গাছটি প্রায় পাঁচ বছর আগে মারা গেছে।

“দেড় বছর আগে গাছটির মোটা একটি ডাল ভেঙ্গে পড়ে এক পথচারীর মাথা ফেটেছিল।”

বিপজ্জনক এ গাছটি অপসারণের জন্য গাজীপুর সিটি করপোরেশন এবং জেলা প্রশাসনের কাছে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে আবেদন করার পর বছর খানেক আগে কয়েকটি ডাল কাটা হয়।

এখনও গাছটির প্রায় ৮০ ফুট দীর্ঘ গুঁড়িটি দাঁড়িয়ে আছে রাস্তার পাশে।

স্থানীয় দোকানদার আজিজুল হক জানান, প্রতিদিনই শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের রোগীসহ হাজারো জনতা এই রাস্তা দিয়ে চলাচল করে। গাছটির নিচে দোকান ছাড়াও রয়েছে বসত ঘর।

তিনি বলেন, সামনে আসছে ঝড়-বৃষ্টির মৌসুম। এ সময় গাছের ওই কাণ্ডটি কেটে ফেলা জরুরি। কোনো পথাচারী কিংবা গাড়ির উপর পড়লে বড় ধরনের বিপদ ঘটে যাবে।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম বলেন, সরকারি জায়গার গাছ কাটতে কিছু নিয়ম আছে। গাছটি অপসারণে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

গত ৭ মার্চ ঢাকার ধানমন্ডিতে রিকশায় যাওয়ার সময় কৃষ্ণচূড়া গাছ উপরে পড়ে মারা যান চিত্রশিল্পী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার খালিদ মাহমুদ মিঠু।