২০৫০ সালে মাথাপিছু জমি দাঁড়াবে ৬ শতাংশে: ভূমি সচিব
ভূমি মন্ত্রণালয়ের সচিব মেসবাহ-উল-আলম বলেছেন, ২০৫০ সালে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ ৬ শতাংশে দাঁড়াবে।
রোববার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা ভূমি জোনিং ম্যাপ যাচাইকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বর্তমানে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ ৫৬ শতাংশ উল্লেখ করে সচিব বলেন, “পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে।”
এই পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর গুরুত্ব আরোপ করে কৃষি, মৎস্য, শিল্প ও ঐতিহাসিক জমিগুলো রক্ষার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক মো. আমিনুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন ভূমি জোনিং প্রকল্পের (অতিরিক্ত সচিব) প্রকল্প পরিচালক কফিল উদ্দীন, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্স ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির উপপরিচালক আবেদ হোসেন, ভূমি জোনিং প্রকল্পের টিম লিডার আব্দুস সাত্তার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান্দ বানু, ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জুয়েল, আব্দুর গফুর সরদার, দেওয়ান মোস্তাক আহমেদ রাজা প্রমুখ।
