১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ১৩ ইউপির নির্বাচন স্থগিত

প্রস্তাবিত ফরিদপুর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হওয়ায় ১৩টি ইউনিয়ন পরিষদে আসন্ন নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে সরকার।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 07:55 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

গত ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক পত্রে এই নির্দেশনা দেওয়া হয়।

ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আব্দুর রশিদ পত্রটি পাওয়া বিষয় নিশ্চিত করেন।

মন্ত্রণালয়ের পত্রে বলা হয়, ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণের কার্যক্রম চলমান রয়েছে।

তাই ফরিদপুর সিটি করপোরেশনের সীমানা পুনর্গঠন না হওয়া পর্যন্ত সদর উপজেলার কানাইপুর, কৈজুরী, গেরদা, আলীয়াবাদ, অম্বিকাপুর, ডিক্রিরচর, মাচ্চর, চরমাধবদিয়া, কৃষ্ণনগর, ঈশানগোপালপুর ও নর্থচ্যানেল এবং বোয়ালমারী উপজেলার চাঁদপুর ও দাদপুর ইউনিয়নের আসন্ন নির্বাচন স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো।

ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আব্দুর রশিদ বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক প্রস্তাবিত ফরিদপুর সিটি করপোরেশনের জন্য ১৩টি ইউনিয়নের নাম প্রস্তাব করা হয়েছিল।

“সে কারণে স্থানীয় সরকার বিভাগ থেকে আমরা একটি নির্দেশনা পেয়েছি। ফরিদপুর সিটি করপোরেশনের সীমানা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা উক্ত ইউনিয়নে আসন্ন নির্বাচন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

সারাদেশে ইউনিয়ন পরিষদের ভোট শুরু হচ্ছে ২২ মার্চ; মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৯ ইউনিয়নে স্থানীয় সরকারের এ নির্বাচনের আয়োজন হবে এবার।

প্রথম ধাপে ৭৫২ ইউপির ভোট হবে ২২ মার্চ।

এরপর ৩১ মার্চ ৭১০টি ইউপি, ২৩ এপ্রিল ৭১১টি ইউপি, ৭ মে ৭২৮টি ইউপি, ২৮ মে ৭১৪টি ইউপি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।

স্থানীয় সরকারে দলীয়ভাবে পৌর নির্বাচন করার পর দলীয়ভাবে ইউপি ভোট হচ্ছে। মোট ২০টি দল এবার পৌর নির্বাচনে অংশ নিয়েছে।