পুলিশকে জমি দিলেন কৃষক দম্পতি
খাগড়াছড়িতে একটি পুলিশ ফাঁড়ির ভবন নির্মাণের জন্য প্রায় তিন একর জমি দান করেছেন এক কৃষক দম্পত্তি।
রোববার সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার র্কাযালয়ে উপস্থিত হয়ে রামগড় উপজেলার নাকাপা এলাকার কৃষক আবুল বাসার ও তার স্ত্রী রাবেয়া বসরী আনুষ্ঠানিকভাবে জমির দলিল হস্তান্তর করেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার আবদুল মজিদ দলিলটি গ্রহণ করেন।
দানকৃত ওই ২ একর ৯০ শতক জমির মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা বলে আবুল বাসার সাংবাদিকদের জানান।
বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে তিনি বলেন, নাকাপা এলাকার পুলিশ ক্যাম্পটি অত্যন্ত জরাজীর্ণ। এখানে বসবাস করা পুলিশ সদস্যরা রোদ-বৃষ্টিতে মানবেতর জীবন কাটান।
“এরপরও তারা জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ি এলাকায় আমাদের নিরাপত্তা দেন। তাই পুলিশ সদস্যদের দুর্ভোগ মেটাতে আমি এ জমি দান করলাম।”
পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, পুলিশ সদস্যদের জন্য আবুল বাসারের মহানুভবতা সমাজে বিরল দৃষ্টান্ত। তার অবদান পুলিশ বাহিনী সব সময় স্মরণ করবে।
“১৯৮৮ সাল থেকে নাকাপায় পুলিশ ফাঁড়ি থাকলেও স্থায়ী আবাসনের কোনো ব্যবস্থা ছিল না। দানকৃত ভূমিতে পুলিশক্যাম্প স্থাপন করা হবে।”
রামগড় থানার ওসি মাইন উদ্দীন জানান, গত বছর বজ্রপাতে নাকাপা পুলিশ ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্য শরিফুল ইসলাম প্রাণ হারান এবং অপর পুলিশ সদস্য গুরুতর আহত হন।
দলিল বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল্লা, খাগড়াছড়ি সদর থানার ওসি সামছুউদ্দীন ভুইয়া, রামগড় থানার ওসি মাইন উদ্দীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আবুল বাসার ১৯৮০-৮১ সাল থেকে রামগড় উপজেলার পরশুরামঘাট এলাকায় বসবাস শুরু করেন।
স্থানীয়ভাবে কৃষিকাজ করেই তার সংসার চালান দুই মেয়ে ও এক ছেলের এই জনক।
