২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে দুই শিশুকে কীটনাশক ‘পান করিয়ে’ মায়ের ‘আত্মহত্যা’

মানিকগঞ্জের সাটুরিয়ায় দুই সন্তানকে কীটনাশক পান করিয়ে এক মা আত্মহত্যা করেছেন বলে খবর দিয়েছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 02:04 PM

Updated : 20 Aug 2022, 11:58 AM

সাটুরিয়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, “দাম্পত্য কলহের জেরে বৃহস্পতিবার রাতে উপজেলা হরগজ বেপারীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।”

মৃত রহিমা আক্তার (২৮) ওই গ্রামের রহিম উদ্দিনের স্ত্রী। তাদের সন্তান মেঘলা আক্তার (৮) ও আকাশ হোসেনকে (৫) মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার পর থেকে রহিম ও তার পরিবারের সবাই পলাতক।

প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, “বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাশির ওষুধের কথা বলে সন্তানদের মুখে কীটনাশক ঢেলে দেন রহিমা। পরে তিনি নিজেও তা পান করেন।”

প্রতিবেশীরা তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রহিমাকে মৃত ঘোষণা করেন। আর দুই শিশুকে পাঠানো হয় মানিকগঞ্জ সদর হাসপাতালে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুল মালেক খান বলেন, “শিশু দুটিকে আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। তবে এখনও তারা আশঙ্কামুক্ত নয়।”