মানিকগঞ্জে জমির বিরোধে ‘ভাগ্নেদের হাতে’ দুই মামা খুন
জমি নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জের সিঙ্গাইরে দুই মামাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তিন ভাগ্নের বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার সকালে উপজেলার উত্তর গোবিন্দল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সিঙ্গাইর থানার ওসি সৈয়দুজ্জামান।
নিহতরা হলেন ওই এলাকার টেনডল মোল্লা (৬০) ও তার চাচাত ভাই আজিজ মোল্লা (৫০)। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
টেনডল মেল্লার ভাই করিম মোল্লা (৪৬) ও তার স্ত্রী কমেলা বেগম এ ঘটনায় আহত হন। করিমকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ও কমেলাকে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিঙ্গাইর সদর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেনডলের বোন হাসিনা ও আরেক বোনের ছেলে রশিদ একই সঙ্গে বাহরাইনে থাকতেন। পাঁচ মাস আগে হাসিনা সেখানে মারা যান।
“হাসিনা নিঃসন্তান থাকায় তার প্রায় ২৮ লাখ টাকা ও গোবিন্দল গ্রামের ৩৬ শতাংশ জমি টেনডলের তিন ভাগ্নে রশিদ, জাহিদুল ও জসিম মিলে ভাগাভাগি করে নিয়ে নেয়।”
এই টাকা ও সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে টেনডলের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে টেনডল তার তিন ভাগ্নের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব আরও বেড়ে যায় বলে জানান খোরশেদ।
খোরশেদ বলেন, গত শুক্রবার টেনডলকে ভাগিনারা হাতুড়ি দিয়ে পেটায়। এই ঘটনার জেরে রোববার সকালে টেনডল তার দুই ভাই আজিজ ও করিমকে নিয়ে ভাগ্নেদের বাড়ি যান।
“সেখানে জাহিদুল, জসিম, রশিদ, তাদের বাবা শামসুল ইসলাম, মা রাজিয়াসহ ৮-১০ জন মিলে তাদের আটকে রেখে লাঠি, বল্লম ও ধারালো দা দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই আজিজ ও টেনডল নিহত এবং করিম আহত হন।”
খবর পেয়ে টেনডলের স্ত্রী ওই বাড়িতে গেলে তার উপরও হামলা চালানো হয়। পরে আহত অবস্থায় করিম ও টেনডলের স্ত্রী কমেলাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান খোরশেদ আলম।
ওসি সৈয়দুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর থেকে জাহিদ, জসিম ও রশিদ পলাতক। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ঘটনাস্থল থেকে লাঠি, বল্লম ও দা জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
