শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে শীতলক্ষ্যায় ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আব্দুস সাত্তার জানান।
নিহত সাব্বির হোসেন (১৩) কালীগঞ্জের মোক্তারপুর গ্রামের কমল মিয়ার ছেলে এবং স্থানীয় সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদিনের স্কাউট ক্যাম্পুরি অনুষ্ঠানের বিরতির সময় ওই বিদ্যালয়ের তিন শিক্ষার্থী শীতলক্ষ্যায় গোসল করতে নামে।
তাদের মধ্যে দুজন তীরে আসলেও সাব্বির নিখোঁজ হয়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল সাব্বিরকে মৃত অবস্থায় উদ্ধার করে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আব্দুস সাত্তার জানান, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
তারা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল ৫টার দিকে সাব্বিরের লাশ উদ্ধার করে।
