নাটোরে আহাদ আলীর বাড়িতে হামলা, অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে
সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের নাটোরের বাসায় হামলা ও লুটপাট চালিয়েছে একদল যুবক; তাদের মারধরে আহত হয়েছেন এই আওয়ামী লীগ নেতার মেয়ে ও দুই জামাতা।
মঙ্গলবার রাতে শহরের কানাইখালি মহল্লায় এ ঘটনার জন্য পৌর যুবলীগের এক সদস্যকে দায়ী করেছেন আহাদ আলী সরকার।
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহাদ ও তার দুই মেয়ের পরিবারের সদস্যরা তিনতলা ওই বাড়িতে থাকেন। মঙ্গলবার রাত ৯টার দিকে কয়েকজন যুবক ক্রিকেট স্ট্যাম্প ও অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায় বলে নাটোর থানার ওসি মিজানুর রহমান জানান।
ফাইল ছবি
ওই সময় আহাদ আলী সরকার বাসায় ছিলেন না বলে জানান ওসি।
ঘটনার পর রাতেই সংবাদ সম্মেলন করে আহাদ আলী বলেন, “বর্তমানে আমি নাটোরের বাসায় থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছি। এটা অনেকে সহ্য করতে পারছেন না। তাই সুপরিকল্পিতভাবে হামলা ও লুটপাট করা হয়েছে।”
এ ঘটনার জন্য পৌর যুবলীগের সদস্য সাব্বির হোসেনসহ তার সহযোগীদের বিরুদ্ধে বুধবার থানায় মামলা করবেন বলে জানান জেলা আওয়ামী লীগের এই সহ সভাপতি।
এ বিষয়ে কথা বলতে সাব্বিরের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
নাটোর পুলিশের এক কর্মকর্তা জানান, আহাদ আলী সরকার প্রতিমন্ত্রী থাকাকালে তার বাসার কাছে যুবলীগ কর্মী রাসু খুন হন। ওই মামলার প্রধান আসামি সাব্বিরের সঙ্গে সাবেক মন্ত্রীর ছেলেদের বিরোধ রয়েছে।
নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে অভিযোগ পেলে সে অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
