সাভারে অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার, চাচা গ্রেপ্তার
ঢাকার সাভারে অপহরণের একদিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক শিশুকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
সাভার মডেল থানার এসআই শাহীন মোল্লা জানান, শনিবার গভীর রাতে মানিকগঞ্জের সিংগাইরের জমির্তা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার শিহাব আহমেদ (০৭) সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লার প্রবাসী সাব্বির আহম্মেদের ছেলে।
এ ঘটনায় জড়িত অভিযোগে শিহাবের চাচা মো. আলমকে গ্রেপ্তার করা হয়েছে বলে এসআই জানান।
এসআই শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে বাড়ির পাশে খেলা করার সময় শিহাবকে অপহরণ করা হয়। পরে মোবাইল ফোনে শিহাবের পরিবারের কাছে ১০ লাখ মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করলে শিহাবকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ।
তিনি বলেন, “পরে শনিবার গভীর রাতে জমির্তা এলাকার একটি মেশিন ঘরের ভেতর থেকে হাত-পা ও মুখ বাধা অবস্থায় শিহাবকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং তার দেওয়া তথ্য অনুসারে চাচা আলমকে গ্রেপ্তার করা হয়।
“টাকার জন্যই ভাতিজাকে অপহরণের পরিকল্পনা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আলম।”
