১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ র‌্যাব সদস্য নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ট্রাকের সঙ্গে র‌্যাবের পিকআপের সংঘর্ষে দুই র‌্যাব সদস্য নিহত হয়েছেন, আহত হন ওই বাহিনীর আরও ছয়জনসহ ট্রাকটির চালক ও সহকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 04:12 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

শুক্রবার বেলা পৌন ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে র‌্যাব ও পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন র‌্যাব-১১ এর সার্জেন্ট মনসুর ও পিকআপ চালক কনস্টেবল সোহেল। মনসুরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী এবং সোহেলের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়।

আহত র‌্যাব সদস্যরা হলেন উপসহকারী পরিচালক আব্দুল্লাহ, এসআই মাহফুজুর রহমান, এএসআই নিজাম, নায়েক জয়নাল, সিপাহী রাসের ও সিপাহি আজহার।

এদের মধ্যে প্রথম চারজনকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং পরের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রাক চালক ও সহকারী আহত হলেও পালিয়ে গেছে। তাদের নাম জানা যায়নি।

নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান জানান, র‌্যাব সদস্যদের নিয়ে পিকআপটি নরসিংদী থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল।

“পথে পুরিন্দা এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন সার্জেন্ট মনসুর। ঢাকা নেওয়ার পর মারা যান কনস্টেবল সোহেল।”

আহতদের মধ্যে আব্দুল্লাহ, মাহফুজুর ও জয়নালের অবস্থা গুরুতর বলে জানান তিনি। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোখলেসুর রহমান বলেন, ট্রাক চালকের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। র‌্যাবের পিকআপটি (ঢাকা মেট্রো ম ০২-৪২১১) ঠিকভাবে চলছিল। রং সাইড থেকে ট্রাকটি (ঢাকা ড ১৮১৬২) এসে পিকআপকে ধাক্কা দেয়।

দুর্ঘটনাকবলিত পিকআপ থেকে র‌্যাবের অস্ত্রগুলো উদ্ধার করে আড়াইহাজার থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।