‘ধর্ষণে ব্যর্থ’ হয়ে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
শরীয়তপুর সদর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত লাশ পাওয়া গেছে, ধর্ষণে ব্যর্থ হয়ে যাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
বৃহস্পতিবার উপজেলার পূর্বসোনামূখী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
নিহত জেবুন্নেছা (৪০) ওই গ্রামের পোল্যান্ড প্রবাসী মজিবুর রহমান রাজু বেপারীর স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা এহসান বলেন, বুধবার রাতে জেবুন্নেছা বাচ্চাদের ঘুম পাড়িয়ে ভাসুর মোতালেব বেপারীর ঘরে গল্প করতে যায়।পরে নিজ ঘরে এসে ঘুমায়।
“গভীর রাতে জেবুন্নেছার ছোট মেয়ের কান্না শুনে পাশের কক্ষ থেকে শাশুড়ি তার ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।”
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওই গৃহবধূর ঘরের আলমারি ভেঙে ২০ ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা নিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ডাকাতদের চিনে ফেলায় অথবা ধর্ষণে ব্যর্থ হয়ে জেবুন্নেছাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
