সিংগাইর পৌরসভায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনা।
বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকাল ৪টা পর্যন্ত।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, মোট ১০টি ভোট কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণ হয়েছে। সকাল থেকে কোথাও গোলযোগের খবর পাওয়া যায়নি।
সারাদেশের মতো সিঙ্গাইর পৌরসভা নির্বাচন গত ৩০ ডিসেম্বর হওয়ার কথা ছিল। তবে ত্রুটিপূর্ণ ভোটার তালিকার অভিযোগে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করে হাই কোর্ট।
পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করলে নির্বাচন কমিশন ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করে।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আবু নাঈম মো. বাশার, বিএনপির খোরশেদ আলম জয় ও স্বতন্ত্র মো. শাজাহানসহ ছয়জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলরের জন্য সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিংগাইর পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ১৪ জন। এর মধ্যে নারী ১০ হাজার ১৪১ জন ও পুরুষ ৯ হাজার ৮৭৩ জন।
