২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

সিংগাইরে কাউন্সিলর প্রার্থীর মৃত্যু, ওয়ার্ডে ভোট স্থগিত

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভায় নির্বাচনের প্রচারের সময় হঠাৎ অসুস্থ হয়ে এক কাউন্সিলর পদপ্রার্থীর মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2016, 03:02 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

রোববার সকালে প্রার্থী জামাল উদ্দিন বেপারীর (৩৫) মৃত্যুর পর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

মুনীর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজ এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান জামাল উদ্দিন।

পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।

“এনামে ভর্তির আধঘণ্টা পর হঠাৎ তাঁর নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এরপরই তার মৃত্যু হয়।”

মুনীর খান বলেন, “১ নম্বর ওয়ার্ডে জামাল উদ্দিন বেপারীসহ তিনজন কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন। জামাল উদ্দিনের মৃত্যুর কারণে এ ওয়ার্ডে নির্বাচন স্থগিত করা হয়েছে।”

গত  ২ ডিসেম্বর এক রিট আবেদনের সম্পূরক আবেদনে হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ সিংগাইর পৌরসভার ভোট গ্রহণের বিষয়ে ছয় মাসের স্থগিতাদেশ দেয়। পরে ৭ ডিসেম্বর হাই কোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি।

এরপর পুনঃতফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী আগামী ৭ জানুয়ারি সিংগাইর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে।