২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

তানোরে ২ পৌরসভার সব কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’

রাজশাহীতে ১৩টির মধ্য দুটি পৌরসভার সব ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে প্রশাসনিকভাবে কেন্দ্রগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ না বলে বলা হচ্ছে ‘অধিক গুরুত্বপূর্ণ’।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 04:24 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

এই দুই পৌরসভা হলো তানোর উপজেলার অন্তর্গত তানোর ও মুন্ডুমালা পৌরসভা।

এছাড়া জেলার ১৩টি পৌরসভার মোট ১৩৮টি কেন্দ্রের মধ্যে ৩৯টি অধিক গুরুত্বপূর্ণ এবং ৫৩টি গুরুত্বপূর্ণ। বাকিগুলো সাধারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ঝুঁকির অভিজ্ঞতার আলোকে কেন্দ্রগুলোকে এবার গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট কেন্দ্রের অবস্থান ও প্রার্থীদের বাড়িসহ বিভিন্ন দিক বিবেচনা করে গোয়েন্দা সংস্থা তিন ক্যাটাগরিতে ভোট কেন্দ্রগুলো চিহ্নত করেছে।

আজাদ বলেন, অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। জেলায় প্রায় ১ হাজার ৪০০ পুলিশ মোতায়েন করা হবে বলে জানান তিনি।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মনিরুজ্জামান ভূঞাঁ বলেন, তিনি ব্যক্তিগতভাবে উপজেলার দুটি পৌরসভার ১৮টি ভোট কেন্দ্রের ১১০টি বুথে গেছেন। ১৮ জন প্রিজাইডিং অফিসার, ১১০ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ২২০ জন পোলিং অফিসারকে নিয়ে বৈঠক করেছেন।

পুলিশের তথ্যের ভিত্তিতে সব ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলেও এই দুইটি পৌরসভায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি মনে করেন।

তানোর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, তানোরে অতীতে শান্তিপূর্ণ ভোট হয়েছে। এবারও তারা সেইরকমই আশা করছেন।

জেলা ও পুলিশ প্রশাসন জানায়, নওহাটা পৌরসভার ১৯টি কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ চারটি হচ্ছে নওহাটা উচ্চ বিদ্যালয় (পুরুষ), নওহাটা বিজ্ঞান প্রযুক্তি ভোকেশনাল, পুঠিয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও তেঘর দাখিল মাদ্রাসা কেন্দ্র।

কেশরহাট পৌরসভার নয়টি কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ দুইটি হলো সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসা ও হরিদাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

ভবানীগঞ্জের নয় কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ তিনটি হলো ভবানীগঞ্জ মহিলা কলেজ, ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদ সেকেন্দারী মেমোরিয়াল আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

তাহেরপুর পৌরসভার নয় কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ চারটি হলো তাহেরপুর উচ্চ বিদ্যালয়, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খয়রা বেসরকারি মাদ্রাসা সংলগ্ন খয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

পুঠিয়া পৌরসভার ১১টি কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ তিনটি হচ্ছে পালোপাড়া উচ্চ বিদ্যালয়, পুঠিয়া কিন্ডারগার্টেন ও পুঠিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ।

চারঘাটের নয়টি কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ তিনটি হচ্ছে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরদহ মহাবিদ্যালয় ও থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আড়ানী পৌরসভার নয়টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্র অস্থায়ী। এই দুটি কেন্দ্রকেই অধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এগুলে হামিদকুড়া ঈদগাহ মাঠ ময়দান ও সাহাপুর নিউ মডেল ক্লাব।