হবিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত
হবিগঞ্জের বানিয়াচংয়ে জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ জন।
শুক্রবার সকালে উপজেলার পাথারিয়া গ্রামে এ সংঘর্ষের পর আইয়ুব আলী (৬০) নামে একজনকে আটক করা হয়েছে বলে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান।
নিহত সেলিম মিয়া হবিগঞ্জ বৃন্দাবন কলেজের স্নাতকের ছাত্র। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, পাথারিয়া গ্রামের তাহির মিয়া ও টেনু মিয়ার মধ্যে একখণ্ড জমি নিয়ে বিরোধ চলছিল।
“শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টেনু মিয়ার লোকজন জমিতে গেলে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সেলিম মিয়া টেটাবিদ্ধ হন এবং আহত হন আরও ১০ জন।”
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
