২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

তানোর পৌরে প্রার্থী বাছাইয়ে হাতাহাতি

রাজশাহীর তানোর পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী বাছাই বৈঠকে হাতাহাতির ঘটনার পর পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ বিশ্বনাথ সরকার দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2015, 06:23 PM

Updated : 22 Aug 2022, 02:04 PM

শুক্রবার সন্ধ্যায় দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের উপস্থিতিতে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে বৈঠক থেকে বেরিয়ে আসেন তিনি।

পদত্যাগ না করার অনুরোধ করে ব্যারিস্টার আমিনুল হক পরে ফোন করেছিলেন উল্লেখ করে শনিবার অধ্যক্ষ বিশ্বনাথ বলেন, “জেলা সভাপতি ঢাকায় আছেন। রাজশাহী ফিরলে পদত্যাগপত্র পৌঁছে দেওয়া হবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রার্থী বাছাইয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করা হয়নি। এর প্রতিবাদ করায় আমাদের উপর হামলা চালায় যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।”

যোগাযোগ করা হলে এ ব্যাপারে কথা বলতে চাননি ব্যারিস্টার আমিনুল হক।

বৈঠকে অন্যদের মধ্যে গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, তানোর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বি আলী, বাধাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, পাঁচন্দর ইউপি চেয়াম্যান মোমিনুল হক মোমিন, তালন্দর ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।