পাঁচ জেলায় জামায়াত-বিএনপি নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৪০
সাতক্ষীরা, বগুড়া, ফরিদপুর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের কর্মীসহ ২৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল ইসলাম জানান, র্যাব, পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে সদর থানায় ১৪ জন, কলারোয়ায় ১০, কালিগঞ্জে ১০, আশাশুনিতে ৪, তালায় ৪, পাটকেলঘাটায় ৬ এবং শ্যামনগর থানায় ৫ জনকে আটক করেছে।
এদের মধ্যে ৫২ জনই জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলে জানান তিনি।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান জানান, জেলার ১২টি থানায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৫ জন এবং বিএনপির ৫ জনসহ বিভিন্ন মামলার ৭৫ আসামিকে আটক করা হয়েছে।
ফরিদপুরের এএসপি মাহমুদুল হাসান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ৪৬ নেতা-কর্মীসহ ৭৩ জনকে গ্রেপ্তার করেছে।
নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবির জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ৩ কর্মীকে শুক্রবার গভীর রাতে বিনোদপুর থেকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ১৩ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গোমস্তাপুর উপজেলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি গোলাম মোর্তুজা।
এছাড়া নাচোল উপজেলা জামায়াত-সমর্থিত শ্রমিক সংগঠন শ্রমিককল্যাণ ফেডারেশনের একজন ও ভোলাহাট উপজেলা জামায়াতের একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে নাচোল থানার পুলিশ।
