পারাপার বিঘ্নিত, শিমুলিয়ায় গাড়ির জট
রাজধানী থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি ঘাটে পারাপার বিঘ্নিত হচ্ছে নাব্য সঙ্কটের কারণে।
চ্যানেলের গভীরতা কমে যাওয়ায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই নৌপথে প্রায় নয় ঘণ্টা সব ধরনের ফেরি পারাপার বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এই সময়ে দুই তীরে পাঁচ শতাধিক যানবাহন যাত্রী নিয়ে পারাপারের অপেক্ষায় আটকে থাকে।
জোয়ারে চ্যানেলের গভীরতা কিছুটা বাড়লে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আবার ফেরি চলাচল শুরু হয় বলে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান।
তিনি বলেন, নাব্য সঙ্কেটের কারণে গত দুই সপ্তাহ ধরে এ পথের চারটি রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝারী ও ছোট আকারের ১৪টি ফেরি দিয়ে পারাপার চালু রাখা হলেও বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তাও বন্ধ হয়ে যায়।
“বৃহস্পতিবার রাত দেড়টায় সর্বশেষ শিমুলিয়া থেকে ছেড়ে যাওয়া ফেরি কেতকী ওপারের কাওড়াকান্দি ঘাটে পৌঁছাতে পারলেও ক্যামেলিয়া ও রায়পুরা নামের দুটি ফেরি লৌহজং টার্নিং থেকে ফিরে আসতে বাধ্য হয়। এরপর ফেরি পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।”
জোয়ার আসার পর পানি বাড়লে সকাল ১০টার দিকে আবার ছোট ফেরি চলাচল শুরু হয় বলে শেখর চন্দ্র রায় জানান।
বিআইডব্লিউটিসির মেরিন অফিসার মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বাভাবিক ফেরি চলার জন্য চ্যানেলে গভীরতা প্রয়োজন অন্তত সাড়ে ৭ ফুট। কিন্তু এখন কোথাও কোথাও গভীরতা সোয়া ৬ ফুটের মত।
“বৃহস্পতিবার সকালে জোয়ারের সময়ও পদ্মার লৌহজং টার্নিং পয়েন্টে প্রায় একশ ফুট এলাকায় গভীরতা ছিল মাত্র সোয়া ৬ ফুট। এর মধ্যেও জোয়ার দেখে দেখে কে টাইপ ফেরিগুলো ডুবো চরে ঠেকে ঠেকে চলছে। এতে প্রপেলার ও ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হচ্ছে।”
বিআইডব্লিউটিএর উপ-পরিচালক এসএম আজগর আলী জানান, নাব্য সঙ্কট দূর করতে গত ঈদের দুই দিন পর থেকে পদ্মার লৌহজং টার্নিং পয়েন্টে ড্রেজিং চলছে।
“বর্তমানে সেখানে তিনটি ড্রেজার মাটি কেটে চ্যানেলের গভীরতা বাড়াতে কাজ করছে। কিন্তু পদ্মায় স্রোতের সঙ্গে পলি এসে চ্যানেল আবারও ভরে যাচ্ছে। এতে ড্রেজিং এগোচ্ছে না,” বলেন তিনি।
দুই সপ্তাহ ধরে এই রুটে নৌ পারাপার বিঘ্নিত হওয়ায় দক্ষিাণঞ্চলের ২১ জেলার মানুষের ভোগান্তি বেড়েছে। এ অঞ্চলের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা জানান।
